লাইসেন্স ছাড়াই চলছিল ব্যবসা? শিয়ালদহের জনপ্রিয় ‘রাজুদার পকেট পরোটা’য় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান

জানা গিয়েছে, রাসায়নিকের মাধ্যমে খাবারের গুণগত মান পরীক্ষা করেন আধিকারিকরা..

কলকাতা: শিয়ালদহে এনআরএস (NRS) হাসপাতালের সামনের ফুটপাতে ‘পকেট পরোটা’ ( Raju Da Pocket Paratha ) বিক্রি করে সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হওয়া রাজুদার ( Raju Da ) দোকানে আচমকা হানা দিল পুরসভার খাদ্য সুরক্ষা দপ্তর। শনিবার সকালে স্টেশন সংলগ্ন এলাকার একাধিক খাবারের দোকানের পাশাপাশি রাজুদার দোকানেও অভিযান চালান আধিকারিকরা। পুরসভার দাবি, পরোটা বিক্রি করার জন্য প্রয়োজনীয় কোনও বৈধ লাইসেন্স রাজুদার কাছে নেই।

তবে রাজুদা জানান, ঘটনাস্থলেই আধিকারিকদের করা ‘ফ্লোর টেস্টে’ তাঁর দোকানের তরকারি পাশ করে গিয়েছে। তা সত্ত্বেও বিস্তারিত পরীক্ষার জন্য খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। এর পাশাপাশি তাঁকে স্বাস্থ্যবিধি মেনে সার্জিকাল ক্যাপ ও গ্লাভস পরে খাবার বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

imagerajuda paratha

শনিবার সকালের এই অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা শিয়ালদহ স্টেশন সংলগ্ন একাধিক খাবারের দোকান থেকে সিঙাড়া, কচুরির তরকারি, মাছ ও মাংসের নমুনা সংগ্রহ করেন। এরপর সংগৃহীত খাবারে বিশেষ রাসায়নিক মিশিয়ে সঙ্গে সঙ্গেই তার গুণগত মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় যে খাবারগুলি উত্তীর্ণ হতে পারেনি, সেগুলিকে সঙ্গে সঙ্গেই ফেলে নষ্ট করে দেওয়া হয়। আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, অভিযানের স্থান থেকে প্রায় ১০০টি সিঙাড়া, পচে যাওয়া কচুরির ডাল ও তরকারি, পচা চিকেন এবং নষ্ট হয়ে যাওয়া মাছের ডিম ফেলে দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্ত দোকানদারকে কড়া সতর্কবার্ বার্তাও দেওয়া হয়েছে।

রাজুদার দোকান থেকেও নমুনা সংগৃহীত হয়েছে। ফ্লোর টেস্টে উত্তীর্ণ হলেও সম্পূর্ণ ল্যাব টেস্টের চূড়ান্ত রিপোর্ট আসতে সময় লাগবে প্রায় ৭ দিন। এদিন আধিকারিকরা যখন রাজুদার কাছে পরোটা বিক্রির লাইসেন্স দেখতে চান, তখন তিনি তা দেখাতে ব্যর্থ হন।

ঘটনা প্রসঙ্গে রাজুদা বলেন, “লাইসেন্স তৈরির বিষয়ে আমার কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না। আমি বাড়িতে ১০-১২ কেজি ময়দার পরোটা বানিয়ে ভোর ৩টে ৪৫-এর ট্রেন ধরে কলকাতায় আসি এবং বিক্রি শেষে সকাল ১১টায় বাড়ি ফিরে যাই। স্যাররা আজ লাইসেন্সের কথা বললেন, তাই এবার থেকে দ্রুত লাইসেন্স নেওয়ার চেষ্টা করব। তবে আমার খাবারের মান নিয়ে কেউ কোনও আপত্তি তুলতে পারবে না।” তিনি আরও জানান, সরকারি নির্দেশ মেনে এবার থেকে তিনি সার্জিক্যাল ক্যাপ ও গ্লাভস পরেই পরোটা বিক্রি করবেন।

Leave a Reply

Back to top button